
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার কুজিশহর গ্রামের কামরুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের ছেলে মো. সিদ্দিক (৪৫), সুকদেবপুর গ্রামের মৃত এদ্রিস আলমের ছেলে মো. এন্তাজ আলী (৫০), মালশিরা গ্রামের মৃত বজের মণ্ডলের ছেলে মো. হাবিল মণ্ডল (৪৫) এবং রাতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. নাঈম ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা তানোর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার নথিতে রাকিব হোসেন ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মণ্ডল ৩৩ নম্বর এবং নাঈম ইসলাম ৩৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন। স্থানীয়ভাবে তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪