
নিজস্ব প্রতিবেদক, তানোর : দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়।
এর অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে তানোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা আইসিটি কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করা হবে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪