
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহী মহানগর ও জেলা এনসিপির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
রাত ৮টায় মশাল মিছিলটি রাজশাহী মহানগর এনসিপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর এনসিপির আহ্বায়ক ও দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী। বক্তব্যে তিনি জামায়াত, বিএনপি এবং এনসিপিকে ঐক্যবদ্ধ হয়ে ‘পতিত স্বৈরাচারকে’ মোকাবিলা করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস।
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪