
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার শিক্ষিত বেকার ও সম্ভাবনাময় তরুণদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক এক প্রচারণামূলক কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর, ২০২৬) সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলার লিড ব্যাংক হিসেবে কর্মশালাটির আয়োজন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), তানোর শাখা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। রাকাব রাজশাহী জোনের ডিজিএম ও জোনাল ব্যবস্থাপক মো. মহব্বত আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং রাকাব তানোর শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. মামুনুর রশিদ।
বক্তারা বলেন, তানোর একটি কৃষিপ্রধান ও সম্ভাবনাময় উপজেলা। এখানকার তরুণরা যাতে চাকরির পেছনে না ছুটে কৃষি প্রক্রিয়াজাতকরণ, আইটি, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ উদ্ভাবনী ব্যবসায় যুক্ত হতে পারেন, সে লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের এই যুগান্তকারী উদ্যোগ। উপজেলার মেধাবী ও পরিশ্রমী তরুণদের হাত ধরেই স্থানীয় অর্থনীতি আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম এবং বিআরডিবি তানোরের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোসা. আঞ্জুয়ারা খাতুন প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তানোর উপশাখার প্রধান এ.কে.এম. মনোয়ার হোসাইন খান।
এ ছাড়া কর্মশালায় তানোর সদর ও মুণ্ডুমালাসহ উপজেলার বিভিন্ন প্রান্তে কর্মরত তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন— সোনালী ব্যাংক পিএলসি (তানোর) ব্যবস্থাপক মো. নূরুন্নবী, জনতা ব্যাংক পিএলসি (তানোর) ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন শাহ্, সোনালী ব্যাংক পিএলসি (মুণ্ডুমালা শাখা) ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান কিরন, রূপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপক ইতেহাদুল সালেকীন, রাকাব কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, কামারগাঁ শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, পাচন্দর শাখার ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন আজাদ, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মো. ফুয়াদ আদনান, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (মুণ্ডুমালা শাখা) ব্যবস্থাপক মো. জাকারিয়া হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম, এনআরবিসি ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মো. তানভীর আরেফিন এবং আইএফআইসি ব্যাংক পিএলসি (তানোর) ব্যবস্থাপক এস. এম. তানভীর আবছার সহ অনেকে।
তানোরের তরুণদের জন্য আবেদনের সুযোগ: কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ কর্মসূচির আওতায় তানোর উপজেলার অনূর্ধ্ব ২৮ বছর বয়সী স্থায়ী বাসিন্দা তরুণরা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এর মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে সম্পূর্ণ অফেরতযোগ্য অনুদান এবং বাকি ১০ লাখ টাকা মাত্র ৪ থেকে ৭ শতাংশ স্বল্প সুদে সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে।
আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আগামী ৩০ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে ব্যবসায়িক পরিকল্পনাসহ তানোর উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় ব্যাংকের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪