
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) শেষ বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে তানোর বাজারের বরেন্দ্র ভবনের নিচতলায় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিদেশে অবস্থানরত তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।
তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও ইয়াসিন আলী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিয়ত উল্লাহ সহ অনেকে।
এ সময় তানোর উপজেলা, তানোর ও মুন্ডুমালা পৌরসভা এবং উপজেলার সাতটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ জাতীয় ঐক্য, সংহতি ও রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার সূচনা করেছিল। বক্তারা দিবসটির চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে তানোরের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান মরহুম মুনসুর রহমান এবং মরহুম মফিজ উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত সব নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪