
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে একই রাতে উপজেলা বিএনপির দুই সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাতে পৃথক সময়ে মারা যান তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুরিয়া-সরনজাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং তালন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুনসুর রহমান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজ উদ্দিন। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চান্দুরিয়া ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মফিজ উদ্দিনের মরদেহ হাসপাতাল থেকে তানোরের নিজ বাড়িতে পৌঁছালে তাঁকে শেষবারের মতো দেখতে যান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তাঁরা পর্যায়ক্রমে মরহুমের বাড়িতে গিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
শনিবার (৭ নভেম্বর) বেলা আড়াইটায় তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের ডা. আবু বক্কর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মফিজ উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান ও রাজশাহীর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক সহ অগণিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা জানাজায় অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজাস্থল শোকাবহ পরিবেশে পরিণত হয়। জানাজা শেষে স্থানীয় দেওতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় তানোর পৌর সদরের গোল্লাপাড়া গ্রামে নিজ বাসভবনে মারা যান আলহাজ্ব মুনসুর রহমান। তিনি তালন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার সকাল ১১টায় তানোর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর তাঁর পারিবারিক গ্রাম মোহরে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রথম জানাজায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লাসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় মুসল্লিরা জানাজায় উপস্থিত ছিলেন।
মরহুম দুই নেতা স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একই রাতে তানোর উপজেলা বিএনপির দুই সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের পাশাপাশি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪