ডেস্ক রিপোর্ট : দেশে উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তার ও শিশুমৃত্যুর ঘটনায় হামকে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা, বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি আইসিইউ সেবা নিশ্চিতসহ নারীবান্ধব অবকাঠামো নির্মাণে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সোমবার (১৯ মে) বিকেলে রাজধানীর ওয়্যারলেস গেট কলম্বিয়া মার্কেটের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানায় সংগঠনটির বনানী থানা শাখার নেতারা।সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বনানী থানার সংগঠক লিজা আক্তার দিশা।
বক্তব্য দেন- সংগঠনের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা এবং বাসদ বনানী থানার সাধারণ সম্পাদক ইনজামামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বনানী থানার সাধারণ সম্পাদক নুসরাত আফরিন।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি এবং বর্তমান সরকারের সময়েও চিকিৎসা খাতে অব্যবস্থাপনার কারণে দেশে হাম মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল পর্যন্ত ৪৬৪ জন শিশুর মৃত্যুর তথ্য উল্লেখ করে তারা বলেন, ইতোমধ্যে দেশের ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে।
তারা হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত এবং স্থানীয় মাতৃসদনগুলো কার্যকর করার দাবি জানান।পাশাপাশি জনস্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বলা হয়, গৃহস্থালি কাজের বড় অংশ নারীরা করলেও পরিবার ও রাষ্ট্রে সেই শ্রমের স্বীকৃতি নেই। প্রতিবছর জাতীয় বাজেটের আকার বাড়লেও শ্রমজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার, নিরাপদ গণপরিবহন, কর্মজীবী নারী হোস্টেল ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় না।
বক্তারা আরও বলেন, দেশের গৃহিণী, শ্রমজীবী ও কর্মজীবী নারীরা উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাষ্ট্রীয় বাজেটে তাদের প্রয়োজন ও অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হয় না। ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার কারণে নারীরা জরায়ু ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, অথচ তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়নি।
তারা বলেন, রাজধানীর মহাখালী সাততলা ও কড়াইল এলাকায় বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের বসবাস থাকলেও সেখানে হামের টিকাদান বুথ নেই। ডিএনসিসি হাসপাতালেও পর্যাপ্ত শয্যা ও আইসিইউ সুবিধার অভাব রয়েছে।সমাবেশ থেকে ডিএনসিসি হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো এবং জাতীয় বাজেটে শ্রমজীবী নারীদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়।
সূত্র : বাংলা নিউজ২৪