নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ‘গ্রিন বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে ‘সচেতন ছাত্রসমাজ’-এর আয়োজনে শনিবার নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সাহেববাজার, শহীদ মিনার, কাঁচাবাজার ও জিরো পয়েন্ট এলাকার ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় এমদাদুল হক লিমন বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই রাজশাহী একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে উঠুক। এ লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতার এই বার্তা নগরীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পরিবেশ রক্ষায় তরুণ ও শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা হবে।”কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সচেতন ছাত্রসমাজের প্রতিনিধি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।