নিজস্ব প্রতিবেদক, তানোর : নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার লক্ষ্যে রাজশাহীতে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী সদরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
‘নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুনর্নির্মাণের পন্থা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও), রাজশাহী। সহযোগিতায় ছিল জার্মানভিত্তিক সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড।
কর্মশালায় গোদাগাড়ী ও তানোর উপজেলার আটটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, প্রথাগত কাঠামোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও নারী নেতৃত্বসহ মোট ২৮ জন অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, প্রথাগত কাঠামোর ঐতিহ্য ও সক্ষমতা, বিদ্যমান কাঠামোর অবস্থা নিরূপণ, সমস্যা চিহ্নিতকরণ এবং প্রথাগত কাঠামো পুনর্গঠন ও শক্তিশালী করার করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক নেতৃত্ব ও অংশগ্রহণমূলক কাঠামোকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক মো. আব্দুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল এবং সমন্বয়কারী আরিফ ইথার।
বক্তারা আগামী দিনে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব প্রথাগত কাঠামো আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারী নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করে সামাজিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিওর কর্মকর্তা যোশেফ হাঁসদা ও সৌমিক ডুমরী।
উল্লেখ্য, সিসিবিভিও দীর্ঘদিন ধরে রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন, অধিকার, নারী-পুরুষের সমতা ও স্থানীয় সংগঠন শক্তিশালীকরণে কাজ করছে। সংস্থাটির রক্ষাগোলা কর্মসূচির মাধ্যমে গ্রামভিত্তিক সংগঠন গড়ে তোলা এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণেও কাজ করা হচ্ছে।