নিজস্ব প্রতিবেদক, তানোর : পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে থিয়েটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয় ও কোয়েল উচ্চ বিদ্যালয় এবং গোদাগাড়ী উপজেলার কাদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রদর্শনীতে অংশ নেয়। নাট্য পরিবেশনার মাধ্যমে তারা স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা তুলে ধরে।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘এনগেজ (ENGAGE) প্রকল্পের’ আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীর আগে তানোর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে থিয়েটারবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় রিসোর্স পারসনদের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে শিক্ষার্থীরা নাট্যচর্চার বিভিন্ন কৌশল, দলগত কাজ, সৃজনশীলতা এবং নাটকের মাধ্যমে স্থানীয় সামাজিক ও পরিবেশগত সমস্যা তুলে ধরার বিষয়ে ধারণা লাভ করে।
প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের পরিবেশনায় বিভিন্ন সমস্যা নাট্যরূপে উপস্থাপন করে। এর মাধ্যমে পরিবেশগত মানবাধিকার রক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে দর্শকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, অংশগ্রহণমূলক থিয়েটার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। একই সঙ্গে নাটকের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা, সেগুলো নিয়ে আলোচনা এবং সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মানসিকতা তৈরির সুযোগ সৃষ্টি হয়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও পরিবেশগত মানবাধিকার এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক সচেতনতা ছড়িয়ে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।