নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে তানিসা আক্তার রোজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের বাউরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিসা আক্তার রোজা বাউরিগ্রামের দুলাল হোসেন ও সোহারিন খাতুনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজনের অগোচরে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে যায় রোজা। একপর্যায়ে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তানোর থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, বাড়ির সবার অগোচরে বের হয়ে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#