নিজস্ব প্রতিবেদক, তানোর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর তানোরে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) লুৎফে জাহান বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায় প্রমুখ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে পরিচিত করতে ‘নজরুল বর্ষ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, নজরুলগীতি ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় উপজেলা পরিষদ হলরুম মুখর হয়ে ওঠে। অতিথি ও উপস্থিত দর্শনার্থীরা এসব পরিবেশনা উপভোগ করেন।#