নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১০টায় উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
সভায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
প্রস্তুতিমূলক সভা শেষে একই স্থানে পর্যায়ক্রমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, যৌতুক নিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলা সদর, থানা মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।
সবগুলো সভায় উপস্থিত ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানীবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলোয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা।
সভাগুলোতে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক সমন্বয়, জনসেবা কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#