নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান শোভাযাত্রার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের (পিটিআই) ইন্সট্রাক্টর লুৎফে জাহান বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আঞ্জুয়ারা খাতুন, তানোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, উপজেলা বন কর্মকর্তা এ কে এম সারওয়ার জাহান, উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এর সহকারী প্রোগ্রামার মারুফ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমির আলমগীর হোসেন, নায়েবে আমির আনিসুর রহমান, সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন, রাজশাহী জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং জামায়াতের সিনিয়র নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা মৎস্য আইন মেনে চলা, জাটকা ও মা মাছ নিধন বন্ধ এবং ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে মৎস্য চাষে অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে উপজেলার তিনজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।#