নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টায় তানোর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক। সভা সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা আইসিটি কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বাঁকবদল ঘটায়। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিকেলে উপজেলা সদরের মিনি স্টেডিয়াম মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।#