নিজস্ব প্রতিবেদক, তানোর : "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জেবানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আনজুয়ারা খাতুন, ইউপিইটিসির কর্মকর্তা লুৎফে জাহান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, এসএফডিএফের উপজেলা সিনিয়র ব্যবস্থাপক রাজীব বর্মন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর চেয়ারম্যান আরশাদ আলী প্রমুখ।
আলোচনা সভার আগে গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। এ জন্য সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে ৫০ জন উপকারভোগীর মধ্যে প্রায় ২১ লাখ ৪৯ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক উপকারভোগীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।#