নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হাসিনা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম দমদমা গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি উপজেলার পিঁপড়া কালনা গ্রামে। তাঁর বাবার নাম মতিউর।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সাজেদুল ইসলামের সঙ্গে হাসিনার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না। সাজেদুল ইসলামের এটি দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হাসিনার সঙ্গে তাঁর বিয়ে হয়।
পরিবারের সদস্যরা জানান, হাসিনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে তিনি ঘরের মধ্যে গলায় দড়ি দেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#