নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার নিভৃত পল্লী কালনায় এক চমৎকার ও উৎসবমুখর পরিবেশে ‘চাইল্ড সারভাইভাল লঞ্চিং প্রোগ্রাম’ (Child Survival Launching Program)-এর আওতায় ‘গর্ভবতী মা ও নবজাতক শিশু সেবা কার্যক্রম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কালনা (বিডি ০২৮০)-এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে ব্যাপ্টিস্ট-এইড, বিবিসিএফ।
বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ. কে. এম রাশেদ হাসান, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পিএফসি রুবেন মিত্র, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মল্লিকসহ অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে, নিভৃত এই জনপদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) সম্প্রদায়ের মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া প্রকল্পের উপকারভোগী গর্ভবতী মা, শিশু এবং তাদের পরিবারের সদস্যরাও এই আনন্দঘন আয়োজনে শামিল হন।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত প্রধান অতিথিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর প্রধান অতিথির উপস্থিতিতে কেক কেটে এই কল্যাণকর সেবা কার্যক্রমের শুভ সূচনা ও উদযাপন করা হয়। গ্রামীণ ও নিভৃত জনপদে মা ও শিশুর কল্যাণে এমন দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল আয়োজন সব মিলিয়ে এক চমৎকার পরিবেশ তৈরি করে, যা উপস্থিত সবার নজর কাড়ে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রকল্পটির গর্ভাবস্থায় মায়ের পরিচর্যা কেন্দ্র এবং শিশুদের সহ-শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা প্রকল্পের আধুনিক সেবা ও শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে গৃহীত সহ-শিক্ষা কার্যক্রম দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নিভৃত পল্লীর অবহেলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত গর্ভবতী মা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এই চমৎকার উদ্যোগটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।#