নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসহাক, তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ, তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অনেকে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে এবং রাতে ওজোপাডিকোর তত্ত্বাবধানে ব্ল্যাকআউট পালন করা হবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে এবং সকালে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।#