সৈয়দ মাহামুদ শাওন :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৮৫ বোতল সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান চালিয়ে মো. নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর শরীরে বিশেষভাবে লুকানো ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা সিরাপ ও বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা। আটক নুর ইসলামসহ জব্দ করা মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ ইন প্রতিরোধ ও মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে বিভিন্ন অভিযানে দুইজন আসামিসহ ২১০ বোতল এস্কাফ, ৪৯ বোতল ফেয়ারডিল, ২২ বোতল চকোপ্লাস, ৬৩ বোতল উইনসেরেক্স, ২৮ বোতল ফেনসিডিল, ৪১টি ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।