সৈয়দ মাহামুদ শাওন :চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় ট্রাকসহ প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় রেজিস্ট্রেশনবিহীন ট্রাক থেকে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় একটি ইজিবাইক থেকে ভারতীয় বিভিন্ন মডেলের ১৩৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। এ চালানটির আনুমানিক মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যগুলোর মোট আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা। আইনানুগ প্রক্রিয়ায় এসব মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলছে।