ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৫টার দিকে শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
জব্দ করা মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ফেনসিডিলের মূল্য ১১ হাজার ২০০ টাকা। মোট জব্দ করা মাদকদ্রব্যের মূল্য ৭৭ হাজার ২০০ টাকা। পরে জব্দকৃত মদ ও ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।
বিজিবি জানায়, চলতি সেপ্টেম্বর মাসে বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।