মান্দা প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার শিক্ষা অবকাঠামোর উন্নয়নে আরেকটি সুখবর এসেছে। স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর সার্বিক প্রচেষ্টা ও তদারকির ফলে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য সরকারি বরাদ্দ অনুমোদন দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২১ জুন ২০২৬ তারিখের পৃথক দুইটি প্রজ্ঞাপনে ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এসব প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের অনুমোদন দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়,
দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ,
মটগাড়ী উচ্চ বিদ্যালয়,
মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,
দেউল দুর্গাপুর আল আরাবিয়া দাখিল মাদরাসা,
শিংড়া বালুকা ছালেহীয়া দাখিল মাদরাসা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদিত বরাদ্দের আওতায় দ্রুত ই-জিপি (LTM) পদ্ধতিতে দরপত্র আহ্বান করে মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, "শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও আমরা গুরুত্ব দিচ্ছি। পর্যায়ক্রমে মান্দার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এই বরাদ্দকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।