নিজস্ব প্রতিবেদক, তানোর : ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার শিব নদীর বিলকুমারি বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে ২০২৬) বিকেলে সোনার বাংলা শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা সন্ধ্যা পর্যন্ত চলে। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান তুহিন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল, গোল্লাপাড়া বাজার আদর্শ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম (জানে আলম), জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন, সেক্রেটারি মাহাবুর চৌধুরী, ছাত্রশিবিরের সাবেক সদস্য আক্কাস আলী, ছাত্র সংগঠক মুন্না, সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণ এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো দেশীয় খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত খেলাগুলো ঘিরে দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশীয় খেলাধুলার ঐতিহ্য ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।#